Thursday, 30 July 2015

       বর্ষার কবিতা-13

গগনে গগনে, আজি বরিষণে,
মেঘেরা ছাড়িছে হুংকার,
কাঁপিছে ভূধর, হাসিছে বিজুলি,
চৌদিকে কালো অন্ধকার

বাড়িতেছে জল, ফুঁসিছে তটিনী,
কানায় কানায় বান,
প্লাবনের জলে, নৌকা ডুবিলে,
কেমনে বাঁচিবে প্রাণ?

ঐ ডাকে শোন, মেঘের গর্জন,
বৃষ্টি ঝরিছে অঝোরে
আজি দুর্যোগে, কালিমাখা মেঘে,
বৃষ্টি নামিল সজোরে

জলাময় মাঠে, কাদা পথে ঘাটে,
গরু বাঁধা গোয়াল ঘরে,
রান্নাঘরের চালে, কভুবা পাঁচিলে,
ভেজা কাক খেলা করে

ঐ যে দূরে, নদীর ধারে,
যাত্রী নাহিক খেয়া ঘাটে,
বাঁধের ধারে, পুকুর পাড়ে,
হাঁসেরা সাঁতার কাটে

সূয্যি কখন, ডুবে গেছে হায়,
ঝিঙেফুল ফুটে গাছে
ঘাটের মাঝি, চলে গেছে আজি,

ঘাটে নৌকা বাঁধা আছে



     বর্ষার কবিতা-12

সকাল হতেই বৃষ্টি পড়ে
আজকে সারা বেলা,
নদীপাড়ে বাঁধ ভেঙেছে,
লোকজনের মেলা

কোদাল হাতে কেউ আসে
কারো হাতে ঝুড়ি,
রুখতে হবে বাঁধকে আজি
তাইতো হুড়োহুড়ি

ছেলেবুড়ো সব এসেছে,
এসেছে পাড়ার ছেলে,
ঘাটের মাঝি সেও এসেছে
নৌকা বেঁধে কূলে

ঝুড়ি ঝুড়ি ফেলছে মাটি
ভাঙা বাঁধের উপর,
প্লাবন জলে ভেসে গেছে
গাঁয়ের মাটির ঘর

মেঘের পরে মেঘ জমেছে
আকাশ হয়েছে কালো
রিম ঝিম্ঝিম্ বৃষ্টি পড়ে,

জোরে বর্ষা নেমে এলো





Thursday, 23 July 2015

বর্ষার কবিতা

বর্ষা এলো রে ভাই
নেমেছে বাদল,
গরজিছে আকাশেতে
মেঘেদের দল

বিজুলি খেলিছে দেখি
আকাশের গায়ে,
ওপারেতে কালো মেঘ
আসিছে ঘনায়ে

এপারেতে বর্ষা নামে
গাঁয়ে ঢোকে জল,
হাঁটু জলে পার হয়
গরু ভেড়া ছাগল

বাঁধের পাড়ে পড়েছে উড়ে
শালিক পাখির বাসা,
বর্ষায় ভিজে টোকা মাথায়

লাঙল চালায় চাষা
বর্ষার কবিতা

বর্ষা নেমেছে ধরায় আজি
ময়ূরীরা করে নৃত্য,
নদী মাঠ ভরে গেছে জলে
হরষিত সবার চিত্ত

কদম্ব কেতকী, মাধবী যুঁথী
ফুটেছে কত ফুল,
প্রবলবেগে ছুটে চলে নদী
ভাসিয়ে দিয়ে দুইকূল

দুর্যোগ ভরা বর্ষায় আজি
ভূমিতে লুটায় শাখী,
উড়ে গেছে্ বাসা, শাখায় বসে
ভিজিছে অসহায় পাখি

পুকুর পারে রাঙী-গাইয়ের
বাছুরী গিয়েছে হারিয়ে
হাম্বা রবে গাভী ডাকিছে আজি,
দেখে শুধু চেয়ে চেয়ে

কুমোর পাড়ায় এই বর্ষায়
ঘুরে নি কুমোরের চাকা,
কামার শালায় এক হাঁটু জল
কামারের নাহি দেখা

গোয়াল পাড়ায় গোয়ালারা সব
বসায় নি দুধের বাজার,
সকাল হতেই নেমেছে বৃষ্টি

আকাশটা কালো আঁধার

Thursday, 16 July 2015






       বর্ষার কবিতা

পশ্চিম কোণে মেঘ জমেছে
জোরে বৃষ্টি এল নেমে,
অঝোর ধারায় বাদল ঝরে
থাকে না কভু থেমে

যায় নি মাঠে গাঁয়ের রাখাল,
বসে বসে গোয়াল ঘরে,
পাটের দড়ি শক্ত ভারি,
বেতের ঝুড়ি সেলাই করে

সকাল হতে নামল বৃষ্টি
আজ যায় নি কৃষক মাঠে
চারদিক জলে জলাময়
ঘাটের মাঝি নাইকো ঘাটে

কাশীরামের পুকুর পাড়ে
শুনি ব্যাঙেদের ডাক,
খুদিরামের বেড়ার ধারে
রাতে বন শেয়ালের হাঁক

ঘন ঘন মেঘ ডাকে,
আকাশে বিজলী চমকায়,
সারা রাত বৃষ্টি পড়ে
পরে সকাল হয়ে যায়

Friday, 10 July 2015

     বর্ষার কবিতা-6

পশ্চিম কোণে মেঘ জমেছে
জোরে বৃষ্টি এল নেমে,
অঝোর ধারায় বাদল ঝরে
থাকে না কভু থেমে

যায় নি মাঠে গাঁয়ের রাখাল,
বসে বসে গোয়াল ঘরে,
পাটের দড়ি শক্ত ভারি,
বেতের ঝুড়ি সেলাই করে

সকাল হতে নামল বৃষ্টি
আজ যায় নি কৃষক মাঠে
চারদিক জলে জলাময়
ঘাটের মাঝি নাইকো ঘাটে

কাশীরামের পুকুর পাড়ে
শুনি ব্যাঙেদের ডাক,
খুদিরামের বেড়ার ধারে
রাতে বন শেয়ালের হাঁক

ঘন ঘন মেঘ ডাকে,
আকাশে বিজলী চমকায়,
সারা রাত বৃষ্টি পড়ে

পরে সকাল হয়ে যায়